ফেনী কারাগারের হাজতির মৃত্যু
ফেনী কারাগারের এক হাজতি গতকাল রোববার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।কারাগার সূত্র জানায়, ফেনীর পরশুরাম উপজেলার বাউরখুমা গ্রামের আবদুল করিমকে (২৫) দুটি পৃথক মাদক মামলায় গ্রেপ্তার করে গত ১৭ নভেম্বর ফেনী কারাগারে পাঠানো হয়। গত শনিবার রাতে তাঁর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তাঁকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে কর্তৃপক্ষ রাতেই তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করিম মারা যান।ফেনী কারাগারের তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরশুরাম থানার পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উপজেলার বাউরখুমা সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ করিমকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে বিজিবি। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার জানান, আলসারের কারণে করিমের পাকস্থলী ছিদ্র হয়ে গেছে। গতকাল ময়নাতদন্ত শেষে করিমের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।