ফেনী ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ ৩ সাংবাদিকসহ আহত ১০
ফেনী জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন সাংবাদিকসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।আহত তিন সাংবাদিক হলেন শামীম, নজির আহম্মদ ও শেখ ফরিদ। আহত ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন ফেনী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি নুর হোসেন, কর্মী এরশাদউল্লাহ, নাসিরউদ্দিন ও ওমর ফারুক। তাঁরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ফেনী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃত্ব নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। কমিটির সভাপতি আমানউদ্দিন কায়সারের সমর্থকেরা অভিযোগ করছিলেন, সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বিবাহিত, অছাত্র ও মাদকাসক্ত। তাঁরা কমিটি থেকে তাঁকে বাদ দেওয়ার দাবি জানিয়ে সভা-সমাবেশ, মানববন্ধন ও কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেন।গতকাল বিকেলে শহরের এসএসকে রোডের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। সভা শুরুর আগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকবিরোধী পক্ষের নেতা-কর্মীরা সভাস্থলের বাইরে মানববন্ধন করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। জেলা বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দর সভাস্থলে আসার সময় সাধারণ সম্পাদক নঈম উল্লাহর সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসেন। এ সময় সভাপতি কায়সারের সমর্থকদের সঙ্গে সম্পাদক সমর্থক পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সভাপতি সমর্থক সহসভাপতি মেছবাহউদ্দিন অভিযোগ করেন, সাধারণ সম্পাদক সন্ত্রাসীদের নিয়ে তাঁদের নিরীহ কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। তবে নঈম উল্লাহ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এরা বিএনপির সভা পণ্ড করতে এসেছিল। সাধারণ কর্মী-সমর্থকেরা তাদের প্রতিহত করেছে।’পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সভাপতি সমর্থকেরা তাঁদের ওপর নঈম সমর্থকদের হামলার অভিযোগ এনে সন্ধ্যায় শহরের ট্রাংক রোডে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেন।