ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি এক যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি এক যুগেরও বেশি সময়। সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালের ডিসেম্বরে। কমিটি গঠনের এক বছরের মধ্যে নির্বাচিত সভাপতি মারা যান। এরপর ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছে ১১ বছর। সাধারণ সম্পাদক ২০০১ সালের আগস্ট থেকে আত্মগোপনে থাকায় ২০০৩ সালে একজন নেতাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।বিগত সম্মেলনে গঠিত জেলা কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ইতিমধ্যে মারা গেছেন। ওই সব পদে নতুন করে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হলেও, অভ্যন্তরীণ কোন্দলে দলীয় কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিভিন্ন জেলায় সভা-সমাবেশ হলেও, ফেনীতে বর্ধিত সভার তারিখ ঘোষণার পরও, তা আর হয়নি।দলীয় সূত্র জানায়, ১৯৯৭ সালের সম্মেলনে আবুল কাশেমকে সভাপতি এবং জয়নাল আবেদীন হাজারীকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ১৯৯৮ সালে আবুল কাশেম মারা যান। তখন জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভারতে গেলে, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় অপর সহসভাপতি আজিজ আহম্মদ চৌধুরীকে।২০০১ সালের ১৭ আগস্ট রাতে জয়নাল হাজারীর বাসভবনে যৌথ বাহিনীর অভিযানের সময় তিনি পালিয়ে যান। ২০০৩ সালের শেষের দিকে জেলা যুগ্ম সম্পাদক আবদুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০০৫ সালে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জয়নাল হাজারীকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্র। এ ছাড়া এ সময়ের মধ্যে মারা যান সহসভাপতি সাহাব উদ্দিন, সিরাজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক মাস্টার লিয়াকত আলী, সমাজসেবা সম্পাদক হোসেন আহম্মদ, ছালামত উল্ল্যা, সদস্য মো. মোস্তফাসহ বেশ কয়েকজন নেতা।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ এবং পরবর্তীকালে জামিনে ছাড়া পেয়ে নিজেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন জয়নাল হাজারী। এ নিয়ে নতুন করে সমস্যা দেখা দিলেও, কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে, এখনো ভারপাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আবদুর রহমান বহাল রয়েছেন।নাম প্রকাশ না করে জেলার একাধিক নেতা-কর্মী জানান, দীর্ঘ এক দশকেও কাউন্সিল না হওয়ায়, দলের অপেক্ষাকৃত তরুণ নেতাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাঁরা কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন চান এবং দলকে গতিশীল দেখতে আগ্রহী। তাঁদের মতে, বর্তমান ভারপ্রাপ্ত নেতারা কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো কোনো রকমে পালন করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন মাত্র।ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, তিনি বারবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে কাউন্সিল করার কথা বলেছেন। কিন্তু জেলা আওয়ামী লীগের কিছু নেতা কাউন্সিল হোক, তা চান না বলেই বিভিন্ন সময় কেন্দ্রকে নানাভাবে বিভ্রান্ত করেছেন। ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী বলেন, তিনিও কাউন্সিলের মাধ্যমে প্রবীণ ও নবীন মিলিয়ে কমিটি করার পক্ষে। কেন্দ্রীয় কমিটি যখন চাইবে, তখনই কাউন্সিল করা হবে। তা ছাড়া বিগত কেন্দ্রীয় কাউন্সিলের আগে কেন্দ্র থেকে ফেনী জেলার বর্তমান কমিটিকে অনুমোদন করা হয়েছে। এর আগে সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলও ২০০৩ সালে ফেনী জেলা কমিটিকে অনুমোদন করেছিলেন। কাজেই ১০ বছর সম্মেলন বা কাউন্সিল হচ্ছে না, এটা ঠিক নয় বলে দাবি করেন তিনি।