ফেনী জেলা ছাত্রদলে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা ছাত্রদলের বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। কেন্দ্র ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে অপর পক্ষ পাল্টা কমিটি গঠন করেছে। এ নিয়ে বিপাকে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। দলীয় সূত্র জানায়, ৪ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক নামজুল হাসানের স্বাক্ষরিত পাঠানো পত্রে কমিটির সভাপতি পদে নঈম উল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি পদে এস এম কায়সার ও সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন মামুনের নাম ঘোষণা করা হয়। কিন্তু ছাত্রদলের অপর একটি পক্ষ সেই কমিটি মানেনি। তাঁদের মধ্যে ঘোষিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতিও আছেন। তাঁরা ১৩ জুলাই কর্মী সমাবেশ করে পাল্টা কমিটি ঘোষণা করেন। এতে মোজবাহ উদ্দিন সভাপতি, নুরুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি, এস এম কায়সার সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোরশেদ উল্লাহ সাংগঠনিক সম্পাদক ও ফরহাদ উদ্দিন চৌধুরী প্রচার সম্পাদক মনোনীত হন। শহরের মিজান সড়কের একটি গণমিলনায়তনে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সারের সভাপতিত্বে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি শেখ ফরিদ, কামরুল হাসান, আবুল খায়ের, নূর হোসেন প্রমুখ। তৃণমূলের নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি করা হলেও কোনো পক্ষেই নেতৃত্বে ছাত্র নেই। যাঁরা নেতৃত্বে আছেন তাঁরা সবাই অছাত্র, বিবাহিত ও সন্তানের বাবা। আন্দোলন–সংগ্রামে তাঁরা ভূমিকা রাখতে পারবেন না। এ ব্যাপারে জানতে চাইলে সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বলেন, কেন্দ্রীয় কমিটি ভবিষ্যতে যাঁদের দিয়ে আন্দোলন–সংগ্রাম ও সংগঠনকে শক্তিশালী করা যাবে বলে মনে করেছে, তাঁদের নিয়েই কমিটি ঘোষণা করেছে। তাঁর ছাত্রত্ব আছে বলে দাবি করে তিনি বলেন, বিবাহিতরা দায়িত্বে থাকতে পারবেন না এ রকম কোনো কিছু গঠনতন্ত্রে লেখা নেই। তিনি পাল্টা কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এটি সম্পূর্ণ অগঠনতান্ত্রিক। সংগঠন করতে হলে কেন্দ্রকে মানতে হবে। তিনি বলেন, যাঁরা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবৈধ বলে, তাঁরা নিজেদের ছাত্রদলের নেতা-কর্মী দাবি করতে পারেন না। অপরপক্ষের সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, ‘জেলার সাধারণ ছাত্রদল নেতা-কর্মীদের সভায় গঠিত কমিটিকে অবশ্যই গণতান্ত্রিক বলতে হবে। আমরাই ছাত্রদলের প্রকৃত প্রতিনিধি।’ প্রসঙ্গত, চার বছর আগে ২০১০ সালে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফেনী জেলা কমিটি ভেঙে দিয়ে সাত সদস্যের একটি কমিটি ঘোষণা করে। ওই কমিটির সম্পাদক করা হয়েছিল বর্তমান তিন সদস্যের কমিটির সভাপতি নঈম উল্লাহ চৌধুরীকে। তখনো তিনি বিবাহিত ছিলেন। এ ছাড়া সাতজনের কমিটির আরও দুজন বিবাহিত ছিলেন। তবে সাত সদস্যের ওই কমিটি শুরুতেই এক পক্ষে তিনজন এবং অপর পক্ষে চারজন বিভক্ত হয়ে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করে।