ফেনী থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী থেকে অপহৃত শিশু মেহেদী হাসান রাফিকে (২) গতকাল বুধবার ভোরে চট্টগ্রামের বন্দরটিলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির বাবা ফিরোজ মিয়ার ভাষ্যমতে, তাঁর ভায়রা সাইফুল ইসলাম গত রোববার তাঁর ফেনী শহরের মাস্টারপাড়ার ভাড়া বাসায় বেড়াতে আসেন। রাতে তিনি ওই বাসায় অবস্থান করেন। গত সোমবার সকালে সাইফুল তাঁর ছেলেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের করে চট্টগ্রামে নিয়ে যান। পরে সাইফুল মুঠোফোনে তাঁর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি ছেলেকে ফিরে পেতে বিকাশের মাধ্যমে সাইফুলকে ১৫ হাজার টাকা পাঠান। কিন্তু সাইফুল তিন লাখ টাকা ছাড়া তাঁর ছেলেকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানান।
পুলিশ জানায়, এ ঘটনায় শিশুটির বাবা ফিরোজ মিয়া ফেনী সদর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ মুঠোফোনের সূত্র ধরে সাইফুলের অবস্থান সম্পর্কে জানতে পারে। পুলিশের অভিযানের মুখে শিশুটিকে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় ফেলে সাইফুল পালিয়ে যান। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ফেনীতে তার মা ফারজানা আক্তার ঝর্নার হাতে তুলে দেয়।
পুলিশ জানায়, গতকাল ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট বাজার এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।