ফেনী থেকে ছিনতাই চালবোঝাই ট্রাক খাগড়াছড়িতে উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকা থেকে ছিনতাইয়ের তিন দিন পর খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, ভারত থেকে আমদানি করা ৪৬০ বস্তা (২৩ মেট্রিক টন) চাল নিয়ে ১৬ জানুয়ারি একটি ট্রাক দিনাজপুরের হিলি বন্দর থেকে চট্টগ্রামের চাক্তাইয়ের উদ্দেশে যাত্রা করে।
১৮ জানুয়ারি রাতে ট্রাকের চালকের যোগসাজশে দুর্বৃত্তরা ফেনীর মহিপাল এলাকা থেকে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় চালের মালিক পরদিন ফেনী সদর মডেল থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ফেনীর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে ওই ট্রাকের ৩৫৯ বস্তা চাল উদ্ধার করে। পরে ট্রাকটিও উদ্ধার করা হয়। এ সময় ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শহিদ (ট্রাকের চালক), মিস্টার সরকার, মো. ইসমাইল ও মো. কামাল।