ফেনী থেকে ছিনতাই হওয়া ট্রলি টাঙ্গাইলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকা থেকে গত সোমবার তুলাবোঝাই একটি ট্রলি ছিনতাই করে দুর্বৃত্তরা। বুধবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাহিদ ফিলিং স্টেশন এলাকা থেকে ট্রলিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে একটি তুলাবোঝাই কন্টেইনার ট্রলি (চট্ট-মেট্রো-ঢ-৮১-০০৬৩) গাজীপুরের সিলভার লাইন কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের উদ্দেশে রওনা হয়। রাত ১২টার পর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি স্টেশনের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রলিটির গতি রোধ করে। ট্রলিতে ৩০ লাখ টাকার তুলা ছিল। এ সময় ওই মাইক্রোবাস থেকে কয়েকজন দুর্বৃত্ত বের হয়ে এসে ট্রলির চালক আবদুল বাকের (৪৫) ও সহকারী সোহাগকে (২৩) নামিয়ে ট্রলিটি অন্যত্র নিয়ে যায়। পরে চালক ও সহকারীকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে মারধর করা হয়। শেষে তারা তাঁদের ফাজিলপুর এলাকায় ফেলে রেখে চলে যায়।