ফেনী থেকে নিখোঁজ দোকান কর্মচারীর লাশ নোয়াখালীতে উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া পোলের কাছে খাল থেকে হারাধন দাস (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত হারাধন ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার লালপুর এলাকার কবিরাজ বাড়ির হরে কৃষ্ণের ছেলে। লাশ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য দুপুরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে স্থানীয় লোকজন খালের মধ্যে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। এরপর সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) জহির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে থানায় এসে লাশের পরিচয় শনাক্ত করেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, নিহত হারাধন দাস ফেনীর একটি কাপড়ের দোকানের কর্মচারী। ১৫ আগস্ট সকালে ফেনীর দাগনভূঁইয়ার গ্রামের বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু ওই দিন কর্মস্থলেও যাননি এবং রাতে বাড়িও ফেরেননি। পরদিন হারাধনের বাবা বাদী হয়ে দাগনভূঁইয়া থানায় নিখোঁজসংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন।