ফেনী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনে
ফেনী নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে ওই প্রতিষ্ঠানের এক পিয়ন বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এবং ওই পিয়নের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করছেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বেশির ভাগই শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি না গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম ইব্রাহীমের কাছে তাঁদের সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়েছেন। শিক্ষার্থী ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ছাত্রীনিবাসের হাউসকিপার রেহানা আক্তারের মাধ্যমে এক ছাত্রীকে একই প্রতিষ্ঠানের পিয়ন আবদুর রহমান বিয়ের প্রস্তাব পাঠান। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় পিয়ন ও হাউসকিপার ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেন। বিষয়টি গত ৭ অক্টোবর ফেনীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলমকে শিক্ষার্থীরা লিখিতভাবে জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সিভিল সার্জনের মুঠোফোনে গতকাল বিকেলে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রতিকার না পেয়ে শিক্ষার্থীরা ১০ অক্টোবর ইনস্টিটিউটের ইনচার্জ নিলুফা সুলতানাসহ প্রশিক্ষকদের ঘেরাও করে রেহানা ও পিয়নের বিচারের দাবিতে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ওই সময়সীমা পার হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। তাই গতকাল আবারও সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ইনচার্জ নিলুফা সুলতানা জানান, এ প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হচ্ছেন সিভিল সার্জন। তিনি ছুটিতে রয়েছেন। পিয়নের বিয়ের প্রস্তাব ও ছাত্রীকে অপহরণের হুমকি ও শিক্ষার্থীদের বিচার দাবি এসব প্রসঙ্গে তাঁর বক্তব্য জানতে চাইলে নিলুফা বলেন, বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে। হাউসকিপার রেহানা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। পিয়ন আবদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও তদন্ত কমিটির সদস্য হাসিনা আক্তার বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।