ফেনী-নোয়াখালী মহাসড়ক ভাঙন প্রতিরোধে তৎপর হলো সওজ
অবশেষে নোয়াখালীর সেনবাগের-মহিদিপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের ভাঙন রোধে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গত সোমবার থেকে সওজের ঠিকাদারের কর্মীরা ওই কাজ শুরু করেন বলে জানা গেছে।গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, সওজের ঠিকাদারের কর্মীরা সড়কের ভাঙন প্রতিরোধে খালের মধ্যে গাছে খুঁটি পোঁতার কাজে ব্যস্ত। এরই মধ্যে বেশ কিছু খুঁটি পোঁতাও হয়েছে। কর্মরত কয়েকজন শ্রমিক জানান, খুঁটি পোঁতা শেষে ভাঙনের জায়গাটি ভরাট করে দেওয়া হবে। যাতে ঝুঁকিমুক্তভাবে যানবাহন চলাচল করতে পারবে। ভেঙে পড়া সড়ক মেরামত প্রসঙ্গে স্থানীয় মহিদিপুর গ্রামের বাসিন্দা মো. রফিক বলেন, ‘বেশ কিছুদিন ধরে সড়কটির পাশের মাটি পার্শ্ববর্তী খালে ভেঙে পড়লেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জায়গাটি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তবে, বর্তমানে ভাঙন প্রতিরোধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে যানবাহনের চালক ও যাত্রীরা জায়গাটি দিয়ে চলাচলের সময় কিছুটা হলেও স্বস্তি পাবে।’ সওজের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শ্যামল কান্তি ভট্টাচার্য বলেন, ‘মহাসড়কটির ভাঙন রোধে জরুরি পদক্ষেপ হিসেবে এখন অস্থায়ী ভিত্তিতে গাছের খুঁটি পুঁতে খালি জায়গা ভরাট করে দেওয়া হবে। আগামী শুষ্ক মওসুমে সেখানে স্থায়ীভাবে সড়কটি রক্ষার ব্যবস্থা নেওয়া হবে।’গত শনিবার প্রথম আলোয় ‘ফেনী-নোয়াখালী মহাসড়কে ভাঙন, ৪ দিনে তিন দুর্ঘটনা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগ সড়কটির ভাঙন প্রতিরোধে তৎপর হয়ে ওঠে।