ফেনী পাইলট উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব শুরু আজ
ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তি উৎসব আজ শুক্রবার শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই ফেনী পৌঁছেছেন।উৎসব কমিটির সভাপতি আবদুস ছাত্তার গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে বলেন, উৎসব সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নবীন-প্রবীণ প্রায় তিন হাজার ব্যক্তি নাম নিবন্ধন করেছেন।আজ সকাল নয়টায় বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। বিকেলে শিক্ষার্থীদের স্মৃতিচারণা, সন্ধ্যায় নৃত্যানুষ্ঠান, আতশবাজির বর্ণিল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী হায়দার হোসেন, মিলা ও জেমস।আগামীকাল শনিবার সকালে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা এবং বিকেলে আলোচনা সভা হবে। সভায় প্রধান অতিথি থাকবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া জাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী মুন ও মাইলস।