ফেনী পৌরসভা নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।গতকাল রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন। এর ফলে ১৮ জানুয়ারি ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।জানা যায়, ফেনী পৌরসভায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ফারুক হারুন বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলার আসামি ছিলেন। কিন্তু নির্বাচনী হলফনামায় তিনি এই তথ্য দেননি। ফারুক হারুন এই তথ্য গোপন করেছেন—এই অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ফেনী জেলা ছাত্রদলের সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বিরের করা আবেদন নির্বাচন কমিশন খারিজ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে সাব্বির হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানি গ্রহণের পর আদালত রুল জারি করেন এবং নির্বাচনের কার্যক্রম ১৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন। হাইকোর্টের এই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে রিটার্নিং কর্মকর্তার পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। এর ওপর শুনানি শেষে গতকাল চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন।আদালতে রিটার্নিং কর্মকর্তার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সাব্বিরের পক্ষে আইনজীবী ছিলেন আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।