সাংবাদিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানের প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার ফেনী প্রেসক্লাব আবারও সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন।
গত সোমবার রাতে ফেনী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর পাল্টাপাল্টি এই প্রতিবাদ সমাবেশ ডাকা হয়।
প্রেসক্লাব সূত্র জানায়, ফেনী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুয়ায়ী নূ৵নতম স্নাতক ডিগ্রি না থাকলে এবং রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে কেউ সদস্য হতে পারবেন না। সাংবাদিকদের এক পক্ষ এই দুটি শর্ত তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। এ নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। গত সোমবার রাত আটটার দিকে প্রেসক্লাবে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। এতে সাংবাদিক রফিকুল ইসলাম, বখতেয়ার ইসলাম মুন্না, জমির বেগসহ পাঁচজন আহত হন। পুলিশ জানায়, এই ঘটনায় দুই পক্ষ থানায় মামলা করেছে।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, সাংবাদিকদের দুটি পক্ষ গতকাল বিকেলে প্রেসক্লাবের সামনে একই সময়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এই পরিস্থিতিতে গোলযোগ এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাব ভবন সিলগালা করে দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম (এনডিসি) সোহেল রানা। এ সময় ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেলুল কাদের ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী প্রেসক্লাব ভবনের ২০০ গজের মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।
এর আগে দুই পক্ষের বিরোধের জের ধরে গত বছরের ২৫ ডিসেম্বর ফেনী প্রেসক্লাব সিলগালা করে দেয় জেলা প্রশাসন। ২৫ মার্চ স্থানীয় সাংসদের মধ্যস্থতায় প্রেসক্লাব খুলে দেওয়া হয়। পরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও বিরোধের সুরাহা হয়নি।
জেলার প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমদার বলেন, নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে রফিকুল ইসলাম অবৈধভাবে সভাপতি সেজে কমিটি ঘোষণা করেছেন, যা সম্পূর্ণ অবৈধ।