ফেনী শহরে তিন শ সিসি ক্যামেরা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের আইনশৃংখলা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটালাইজড করার লক্ষ্যে শহরের দেড় শ গুরুত্বপূর্ণ স্থানে তিন শ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা চালু করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফেনী পুলিশ লাইনে এর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

এ সময় জেলার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে যোগাযোগ কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য এন আর বি গ্লোবাল ব্যাংকের পক্ষ থেকে ফেনী পুলিশকে একটি পুলিশ ভ্যানগাড়ি হস্তান্তর করা হয়। গাড়ির চাবিটি পুলিশের চট্টগ্রাম বিভাগীয় উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামানের হাতে তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

ফেনী পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ডিআইজি এস এম মনিরুজ্জামান, ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ সময় জেলা ও দায়রা জজ আমিনুল হক, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনীর জায়লস্কর-৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল কামরুল ইসলাম, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বেসরকারী ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. সাইফুদ্দিন শাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফেনী জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, শহর এলাকার আইনশৃংখলা পরিস্থিতি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষনের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।