ফেনী সদর উপজেলার স্থগিত আট ইউপির ভোট গ্রহণ কাল
ফেনী সদর উপজেলার বাতিল দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) ও স্থগিত ছয়টিতে কাল বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৬ জুন ফেনী সদর উপজেলায় প্রথম পর্যায়ে ফাজিলপুর ও মোটবী ইউপির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়নি বলে নির্বাচন কমিশন বাতিল করে। এ দুটি ইউপিতে আওয়ামী লীগের সমর্থক দুই চেয়ারম্যান প্রার্থী ছাড়া অন্যরা বোমাবাজি, ভোটকেন্দ্র দখল, জোর করে ব্যালট পেপারে সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটটি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৭২টি। এর মধ্যে ৪৫টি ভোটকেন্দ্রকে প্রশাসন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রতি তিনটি কেন্দ্রে একটি করে ভ্রাম্যমাণ দল, ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৮ জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে বিশেষ ভ্রাম্যমাণ টহল দল থাকবে। এ ছাড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। থাকবেন দুজন বিচারিক হাকিম। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচনের সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, শান্তিপূর্ণ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।