ফেনী সদরের দুই ইউপির নির্বাচন স্থগিত
ফেনীর সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আদেশ গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতার অভিযোগে মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা আকরামুজ্জমান হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ গত বুধবার ওই ইউপির নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের নজরুল ইসলাম ৭ নম্বর ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতার অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করেন। গত বুধবার হাইকোর্টের একই বেঞ্চ বালিগাঁও ইউপি নির্বাচনও ছয় মাসের জন্য স্থগিত করেন।
এ-সংক্রান্ত আদেশ গতকাল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছায়।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম ধর্মপুর ও বালিগাঁও ইউপি নির্বাচনের ওপর স্থগিতাদেশ-সংক্রান্ত চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
৪ জুন ধর্মপুর ও বালিগাঁও ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল।