ফেনী সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে নবীন-প্রবীণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় চত্বরে শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় নবীন-প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে বের হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের পর সবাইকে শপথবাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রথম মহিলা প্রধান শিক্ষক শরিফা খাতুন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। মঞ্চে আসন গ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যক্ষ সুরাইয়া বেগম, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, রাহাতুন নেছা, ফরিদা চৌধুরী ও হাসনা বেগম। অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক নাসিমা বানু ওরফে বিউটি। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথের ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়...’ গানের সঙ্গে অনেকেই কণ্ঠ মেলান। প্রথম মহিলা প্রধান শিক্ষক (১৯৫৭-৬৫) শরিফা খাতুন বলেন, ‘তিনি যখন শিক্ষকতা করেন, তখন স্কুলের নাম ছিল “সরলা উচ্চবিদ্যালয়”। স্কুলের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই ৪০০ টাকা বেতন পেয়ে অর্ধেক স্কুল তহবিলে দিয়ে দিতেন। চার প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থী দীর্ঘদিন পর একই আঙ্গিনায় মিলিত হতে পেরে খুবই আনন্দ লাগছে।’দুপুরের পর স্মৃতিচারণার ফাঁকে ফাঁকে চলে আড্ডা, নাচ আর গান। বিকেলে ছিল প্রাক্তন শিক্ষক সম্মাননা, প্রাক্তন কৃতী শিক্ষার্থী সম্মাননা, র্যাফল ড্র ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আজ শনিবার সকালে ছাত্রী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।উৎসবে মেতেছে শরিষা গ্রামবেড়া (পাবনা) প্রতিনিধি জানান, সাঁথিয়া উপজেলার শরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। সকালে শোভাযাত্রা শেষে দুপুরে শুরু হয় কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গতকাল উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপসচিব বাবলু কুমার সাহা। বিকালে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার শেষ দিনের অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।