ফেনী সিরাজগঞ্জ বগুড়া নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী, সিরাজগঞ্জ ও নওগাঁর মহাদেবপুর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এ ছাড়া বগুড়ার শেরপুর উপজেলায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: চট্টগ্রামের চানগাঁও এলাকা থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ভোলার লালমোহনে যাওয়ার পথে গতকাল শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকার লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চারজন যাত্রী নিহত এবং আটজন আহত হন। নিহত ব্যক্তিরা হচ্ছেন ভোলার লালমোহন উপজেলার কিশোরগঞ্জ গ্রামের আবদুল করিমের স্ত্রী রুপজান (৫০) ও তাঁর ছেলে বেল্লাল (২৫), একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা (৩০) ও তাঁর ছেলে রিশাত (৭)।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের বিয়ারায় গতকাল শুক্রবার ভোরে অজ্ঞাত পরিচয় এক নারী (২৫) রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের ইটালী এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে ট্রাকের চাপায় আহত হন মোটরসাইকেলের আরোহী হাফিজুর রহমান (২০), মো. রুবেল (৩৫) ও মামুনুর রশিদ (২২)। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে হাফিজুর রহমান মারা যান। হতাহত ব্যক্তিদের বাড়ি উপজেলার ইটালী গ্রামে।নওগাঁ: নওগাঁ-পত্নীতলা সড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুরে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক আখিড়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আহসান হাবিব বুলেট (২৫) ও পত্নীতলা উপজেলার নোধুনী গ্রামের বছির উদ্দিনের ছেলে মঞ্জু (৪৫) নিহত হন।