ফেনীতে অগ্নিদগ্ধ ভূমি কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শামছুল আলম আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত পিভিসি পাইপ পোড়ানোর সময় অগ্নিদগ্ধ হন তিনি।
ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মো. হুমায়ুন কবীর খোন্দকার অগ্নিদগ্ধ উপসহকারী ভূমি কর্মকর্তা শামছুল আলমের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেনী নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
গত ২৯ অক্টোবর দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. রাশেলুল কাদেরের নেতৃত্বে মুহুরী নদীর ফাজিলপুর মুহুরী পুলের নিচে বালু উত্তোলন এলাকায় অভিযান চলে। এ সময় অবৈধ বালু উত্তোলনকারী দুর্বৃত্তরা নদী থেকে তাদের বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার সরিয়ে নেয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সেখানে থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৬০০ ফুট লম্বা পিভিসি পাইপ জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পাইপগুলো কেরোসিনের আগুন দিয়ে ধ্বংস করার নির্দেশ প্রদান করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ পালন করতে গিয়ে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শামছুল আলম ও একই কার্যালয়ের সহায়ক (এমএলএসএস) তপন চন্দ্র দাস অগ্নিদগ্ধ হন।