ফেনীতে অগ্নিদগ্ধ ভূমি কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত পিভিসি পাইপ পোড়ানোর সময় অগ্নিদগ্ধ ভূমি কর্মকর্তা মো. শামছুল আলম (৫০) মারা গেছেন।
গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শামছুল আলম মারা যান। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৯ অক্টোবর ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেলুল কাদের ফাজিলপুরে মুহুরী নদীতে অভিযান চালিয়ে বালু তোলার কাজে ব্যবহৃত প্রায় ৬০০ ফুট পিভিসি পাইপ জব্ধ করেন। পরে তিনি পাইপগুলো পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। পাইপ পোড়ানোর সময় শামছুল আলম এবং একই কার্যালয়ের এমএলএসএস তপন চন্দ্র দাস অগ্নিদগ্ধ হন। ফেনী সদর হাসপাতালে ভর্তির পর শামছুল আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তপন চন্দ্র দাস (৪৫) ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শামছুল আলমের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে। তিনি ফেনীর দাগনভূঞার ভাড়া বাসায় থাকতেন।
ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার শামছুল আলমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, দাগনভূঞায় শামছুল আলমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ লক্ষ্মীপুরের নিজ গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।