ফেনীতে অপহরণ ও ধর্ষণের ঘটনায় একজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক মুহম্মদ হারুনুর রশিদ এক রায়ে অপহরণ করে আটক রেখে ধর্ষণের অভিযোগে কাউছার আহাম্মদ নামের একজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি কাউছার আহম্মদ অনুপস্থিত ছিলেন। তিনি গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের দিন থেকে রায় কার্যকর হবে।বাদীর অভিযোগ ও আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ গ্রামের আবদুস ছোবহানের ছেলে কাউছার আহাম্মদের নেতৃত্বে সাতজন যুবক একই গ্রামের এক তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে ঢাকার বাড্ডায় একটি বাসায় আটক করে রাখেন। সেখানে তাঁর কাছ থেকে জোর করে তিনটি অলিখিত স্ট্যাম্পে এবং কয়েকটি সবুজ কাগজে স্বাক্ষর আদায় করেন। এরপর কাউছার আহাম্মদ প্রায় সাড়ে চার মাস তরুণীকে আটক রেখে ধর্ষণ করেন। ২০০৮ সালের ১১ মে ওই তরুণী পালিয়ে সেখান থেকে তাঁর বাবার বাড়ি পশ্চিম বিজয় সিংহ গ্রামে চলে যান। ১৮ মে তিনি বাদী হয়ে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সাতজনকে আসামি করে একটি মামলা করেন। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহম্মদ হাজারী।