ফেনীতে অপহরণের এক দিন পর মা-ছেলে উদ্ধার
ফেনীতে অপহরণের এক দিন পর এক নারী ও তাঁর শিশুসন্তানকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেনীর দাগনভূঁঞা উপজেলার এক প্রবাসীর স্ত্রী (৩০) ও তাঁর ছেলে (২) অসুস্থ আত্মীয়কে দেখতে এসএসকে রোডের একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার জন্য গত রোববার সকালে ফেনীর মহীপাল থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এ সময় অপরিচিত তিন-চার ব্যক্তি ওই অটোরিকশায় উঠে পড়ে। তারা অস্ত্রের মুখে ওই নারী ও তাঁর ছেলেকে শহরের এসএসকে সড়কের ভূঁইয়াবাড়ি-সংলগ্ন একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। অপহরণকারীরা ওই নারীর সঙ্গে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। এরপর তারা মোবাইল ফোনে ওই নারীর ভাইয়ের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই নারীর ভাই বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭-এর ফেনী ক্যাম্পে জানান। র্যাবের সদস্যরা পরিচয় গোপন করে মোবাইল ফোনে ছিনতাইকারীদের মুক্তিপণের টাকা নিতে আসতে বলেন। পরে গত রোববার সন্ধ্যায় অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিতে মহীপাল এলাকার একটি দোকানের সামনে আসে। অপহরণকারীরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জামশেদুর রহমান ওরফে ফটিক (২৭) নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব। ফটিকের বাড়ি দাগনভূঁঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল সোমবার ভোরে ভূঁইয়াবাড়িসংলগ্ন ওই বাড়ি থেকে ওই নারী ও তাঁর ছেলেকে উদ্ধার করা হয়।এ ঘটনায় ওই নারীর ভাই জামশেদুরসহ চারজনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, জামশেদুরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।