ফেনীতে অপহরণের দুই ঘণ্টা পর স্কুল শিক্ষার্থী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের দুই ঘণ্টা পর ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাইফ মুনতাসির তাওহিদকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ, পরিবার ও বিদ্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দুই যুবক তাওহিদকে কৌশলে শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে যায়। একপর্যায়ে ওই যুবকেরা তাওহিদকে মারধর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের আলকেমি হাসপাতালের পেছনের গলিতে নিয়ে যায়। এরপর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাওহিদকে আবারও মারধর করা হয়।
পুলিশ জানায়, ঘটনা জানাজানি হলে পুলিশ অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারের তৎপরতা শুরু করে। একপর্যায়ে বেলা দুইটার দিকে অপহরণকারীরা কলেজ রোডে নিয়ে তাওহিদকে ছেড়ে দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় আবির (২৪) ও রিপন (১৯) নামের দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় মামলা করেছেন তাওহিদের বাবা ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন ওরফে বাবুল।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম স্কুল শিক্ষার্থীকে অপহরণের দুই ঘণ্টা পর উদ্ধার ও থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।