ফেনীতে অপহূত কলেজছাত্র উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার একজন কলেজছাত্রকে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ও অস্ত্রসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার অভিযান চালানোর সময় পুলিশের একজন উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হয়েছেন। পুলিশ ও কলেজছাত্রের পরিবার জানায়, ফেনীর দাগনভূঞা উপজেলা সদরের বেতুয়া গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে লিংকন চন্দ্র শীল (১৮) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল সকালে তিনি বাড়ি থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। পথে ফেনীর মহিপাল এলাকা থেকে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে। পরে অপহরণকারীরা লিংকনের বাবার মুঠোফোনে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সন্ধ্যার আগে ওই টাকা ফেনীর মহিপাল এলাকার একটি স্থানে পৌঁছে দিতে বলে তারা। লিংকনের পরিবার বিষয়টি ফেনী থানা পুলিশকে জানালে পুলিশের পরামর্শ অনুযায়ী সন্ধ্যা ছয়টায় টাকা নিয়ে দুই ব্যক্তি অপহরণকারীদের নির্দেশিত স্থানে যান। অপহরণকারীরাও লিংকনকে নিয়ে সেখানে উপস্থিত হয়। এ সময় দুর্বৃত্তদের দুজনকে জাপটে ধরা হলে অন্যরা গুলি ছোড়ে। এতে বাদশা (২৫) নামে পুলিশের একজন সহযোগী ও উপপরিদর্শক (এসআই) মাহবুব (৩৫) আহত হন। তবে ওই দুই দুর্বৃত্তকে গ্রেপ্তার করে পুলিশ।