ফেনীতে অপহূত ব্যবসায়ীকে উদ্ধার
ফেনীতে অপহূত এক ব্যবসায়ীকে গতকাল বুধবার ভোরে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, ফেনীর সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামের অধিবাসী ও চট্টগ্রামের শিপিং ব্যবসায়ী জানে আলম গত সোমবার জমিজমার বিরোধসংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে ফেনীর আদালতে উপস্থিত হন। আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে ওই দিন দুপুরে একদল দুর্বৃত্ত তাঁকে অস্ত্রের মুখে ফেনী শহরের খাজুরিয়া এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুঠোফোনে জানে আলমের স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর বিষয়টি র্যাবকে জানানো হয়।র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের সদস্যরা অপহরণকারীদের মুঠোফোন কলের সূত্র ধরে গতকাল ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের ভূঞা বাড়ির একটি ঘর থেকে জানে আলমকে উদ্ধার করেন। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন (২৫), সাইফুল (২৭), রনি (২৪), নাজমুল (২৪) ও শাহাদাতকে (২২) গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।র্যাব ফেনী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম নাঈমুর রহমান বলেন, গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে ফুলগাজী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।