ফেনীতে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি ওপ্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের বিভিন্ন এলাকায় অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি ও খরগোশ। স্থানীয় শৌখিন ব্যক্তিরা বাড়িতে পোষার জন্য এসব পাখি কিনে নিলেও কয়েক সপ্তাহের মধ্যেই মারা যাচ্ছে এসব পাখি।

এদিকে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ফাঁদ পেতে অনেকে ঘুঘু পাখি শিকার করছেন বলে জানা গেছে। এভাবে পাখি ধরা ও বিক্রি করা বেআইনি হলেও বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের নজর নেই।

ফেনী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, পাখি ধরা ও বিক্রি দুটোই বেআইনি। পাখির সংখ্যা কমে গেলে ভবিষ্যতে পাখির বংশ বৃদ্ধি লোপ পাবে এবং জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে। তাই এসব পাখি শিকার ও বিক্রি প্রকৃতির জন্য ক্ষতিকর।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় প্রতিদিনই শহরের কেন্দ্রস্থল ট্রাংক রোডসহ বিভিন্ন সড়ক এমনকি পাড়া-মহল্লার গলিতেও কিছু লোককে খাঁচাবন্দী পাখি ফেরি করে বিক্রি করতে দেখা যায়। অনেকেই শখের বশে বিশেষ করে শিশু-কিশোরদের বায়না মেটাতে খাঁচাসহ দু-একটি করে পাখি কিনে নিয়ে বাসাবাড়িতে পোষেন। তবে খাঁচায় বন্দী অবস্থায় থাকার কারণে অল্প দিনের মধ্যেই পাখিগুলো মারা যায়।

ফেনী পৌর এলাকার ডাক্তারপাড়ার বাসিন্দা মফিজুর রহমান ছোট ছেলের আবদার রাখতে গিয়ে ৪০০ টাকা দিয়ে একটি তোতা পাখি কিনেছিলেন প্রায় ছয় মাস আগে। কিন্তু মাস খানেকের মধ্যেই পাখিটি মারা যায়। মফিজুর রহমান বলেন, পাড়ায়-মহল্লায় পাখি নিয়ে আসেন বিক্রেতারা। বাচ্চার আবদার রক্ষা করতে গিয়ে একটা তোতা পাখি কিনেছিলাম। কিন্তু এক মাসও বাঁচল না পাখিটি।

 একইভাবে এ মাসের প্রথম সপ্তাহে ২০০ টাকা দিয়ে দুটি কোয়েল পাখি কিনেছিলেন শহরের বারাহিপুরের মো. ইব্রাহীম। এক সপ্তাহ না যেতেই একদিন সকালে দেখা যায় দুটো পাখিই খাঁচার ভেতর মৃত অবস্থায় পড়ে আছে।

১৪ মে দুপুরে ট্রাংক রোডে গিয়ে দেখা যায়, আসলাম (৩০), মো. সরওয়ার (৩৫), মো. হারুন (৪০) ও মকবুল (৪২) নামের চার ব্যক্তি খাঁচাভর্তি বিভিন্ন প্রজাতির তোতা, মুনিয়া ও কোয়েল পাখি এবং খরগোশ নিয়ে বিক্রির জন্য হাঁক-ডাক ছাড়ছেন। খাঁচাসহ প্রতিটি তোতা পাখি ৪০০ থেকে ৪৫০ টাকা, এক জোড়া মুনিয়া ৩০০ থেকে ৩৫০ টাকা, এক জোড়া কোয়েল ২০০ টাকা এবং প্রতিটি খরগোশের বাচ্চা ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

পাখি বিক্রেতা মো. সরওয়ার জানান, তাঁর বাড়ি মাদারীপুর। ঢাকার কাঁটাবন এলাকা থেকে পাখিগুলো কিনে এনে ফেনীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন তাঁরা। সাত-আট জোড়া পাখি বেচে দিনে ৬০০ থেকে ৭০০ টাকা আয় হয়। এ দিয়ে কোনো রকমে সংসার চলে। পাখি ধরা ও বিক্রি করা অন্যায় তা জানেন কি না জানতে চাইলে সরওয়ার বলেন ‘আমরা গরিব মানুষ, আইন-কানুন জানি না। কারও কাছে শুনিনি।’

এদিকে ফেনী জেলার পরশুরাম উপজেলার মালিপাথর, রাজশপুর, চন্দনা, মহেষপুকুর, সত্যনগর, মির্জানগর ও ফুলগাজী উপজেলার নিলক্ষ্মী, করইয়াসহ বিভিন্ন গ্রামে এক শ্রেণীর লোক প্রায় সময় ফাঁদ পেতে ঘুঘু পাখি শিকার করেন বলে জানা গেছে। করইয়া গ্রামের আবুল কাশেম জানান, অনেকগুলো ঘুঘু ধরার পর দাগনভূঞার এক লোক সেগুলো কিনে পাখি বাজারে নিয়ে বিক্রি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার বলেন, ‘প্রকাশ্যে ফেরি করে পাখি বিক্রি এবং সীমান্ত এলাকায় পাখি ধরার বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বলে দেওয়া হবে।’