ফেনীতে অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার প্রায় তিন হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের তোয়াক্কা না করে ফেনীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে হাজার হাজার ফুট গ্যাসলাইন স্থাপন ও সংযোগ-প্রক্রিয়া শুরু করে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর অবৈধ লাইন উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল সকালে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলমের নেতৃত্বে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল কাশেম ও উপব্যবস্থাপক মো. আবু সাঈদ সরকার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা এলাকায় অভিযান চালান। অভিযানে অবৈধভাবে স্থাপন করা প্রায় ২ হাজার ৭০০ ফুট গ্যাস পাইপলাইন ও ২০টি রাইজার অপসারণ করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাসে ফেনীর বিভিন্ন এলাকায় কয়েক হাজার মিটার অবৈধ গ্যাস পাইপলাইন স্থাপন করে সংযোগ দেওয়া হয়। এতে গ্যাসের চাপ কমে গেছে। এ কারণে বৈধ গ্রাহকেরা কিছুদিন ধরে ঠিকমতো গ্যাস পাচ্ছেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম অবৈধ গ্যাসলাইন অপসারণের সত্যতা নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনী কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আবু সাঈদ সরকার বলেন, পর্যায়ক্রমে সব অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হবে।