ফেনীতে অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ছালতাতলী ও কাতালিয়া এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে প্রায় সাত হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ গ্রহণকারী ১১২ ব্যক্তিকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র ও এলাকাবাসী জানায়, সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফেনীর বিভিন্ন এলাকায় লোকজনকে অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছেন। গতকাল সকালে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেলুল কাদেরের নেতৃত্বে সদর উপজেলার কালীদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুরের ছালতাতলী এলাকা এবং বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামে অভিযান চালানো হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানায়, অভিযানের সময় অনেক ব্যক্তি কাগজপত্র নিয়ে এসে তাঁদের লাইন বৈধ বলে দাবি করেন। পরে দেখা যায়, তাঁদের সব কাগজপত্রই ভুয়া। পরে অবৈধভাবে স্থাপন করা ৬ হাজার ৮২০ ফুট গ্যাস পাইপলাইন ও শতাধিক রাইজার উচ্ছেদ করা হয়। এ সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনীর ব্যবস্থাপক মো. আবদুল কাদের বলেন, পর্যায়ক্রমে সব অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করা হবে।