ফেনীতে অবৈধ ট্রাক্টর চালানোর অপরাধে ১০ চালককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরে অবৈধ, অননুমোদিত, রুট পারমিটবিহীন ও বিপজ্জনকভাবে পাওয়ার টিলার ও ট্রাক্টর চালানোর অপরাধে ১০ জন চালককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, গতকাল রোববার বিকেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোহসীন মৃধা শহরের বিভিন্ন সড়কে অভিযান চালান। এ সময় তিনি শহরের বিভিন্ন স্থানে অবৈধ, অননুমোদিত, রুট পারমিটবিহীন ও বিপজ্জনকভাবে পাওয়ার টিলার ও ট্রাক্টর চলাচল করতে দেখেন। বিভিন্ন স্থান থেকে ১০ জন টিলার ও ট্রাক্টরচালককে ধরে তিন থেকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ফেনী পৌরসভার রামপুর এলাকায় বার্মিজ ফুড প্রোডাক্ট নামে একটি চনাচুর কারখানায় অভিযান চালিয়ে অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতে দেখেন। এ ব্যাপারে জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেনি। এ ছাড়া নোংরা পরিবেশ ও নিম্নমানের খাবার উৎপাদনের অপরাধে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমান অথবা এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। কারখানা কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে। এ সময় বিএসটিআইয়ের চট্টগ্রামের কারখানা পরিদর্শক মো. শেফায়েত হোসেন উপস্থিত ছিলেন।