ফেনীতে অস্ত্র ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের সুলতানা ফিলিং স্টেশনের পাশ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা গত সোমবার রাতে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করেছেন।
র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মহিউদ্দিন গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার রাত ১২টার দিকে সুলতানা ফিলিং স্টেশনের পাশে বসে স্থানীয় কোহিনুর মেম্বারের ছেলে মোশারফ হোসেন রনির নেতৃত্বে কয়েকজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। র্যাব সদস্যরা সেখানে তল্লাশি করে একটি এসএমসি (সাবমেশিন কার্বাইন), একটি ম্যাগজিন, ২টি এলজি, ২টি রামদা, দুটি রকেট ফ্লইয়ার, ১৯টি চকলেট বোমা, কিছু গাঁজা এবং একটি টর্চলাইট উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় একটি অস্ত্র মামলা করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেল হোসেন র্যাবের অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কোহিনুর মেম্বারের ছেলে মোশারফ হোসেন রনির বিরুদ্ধে ছাগলনাইয়া থানাসহ বিভিন্ন থানায় মহাসড়কে ডাকাতি, হত্যা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজিসহ অন্তত ২৫টি মামলা রয়েছে। পুলিশ ও র্যাব তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে।