ফেনীতে অস্ত্র, মাদক ও ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ১১
ফেনী শহরের বিভিন্ন স্থানে গত দুই দিনে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র, মাদকদ্রব্য ও ভারতীয় শাড়ি উদ্ধার করেছে।
এ সময় এসব বহন করার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার এবং একটি প্রাইভেট কার, পিকআপ ও মোটরসাইকেল আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো সাইদুল ইসলাম ওরফে কালা সোহেল, দেলোয়ার হোসেন, মহিউদ্দিন, অরূপ চন্দ্র দাস, নিপু মজুমদার ও মোহাম্মদ রাজু, মোহাম্মদ জনি, শাখাওয়াত, সোহেল রানা, ইয়াসিন ও সঞ্জীব সাহা। তাদেরকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্যের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশি এলজি, ছয়টি গুলি, একটি চাপাতি, তিনটি ছোরা, ৮০টি ইয়াবা বড়ি, ৪০ পুরিয়া হিরোইন ও ৫৮৯ পিস ভারতীয় শাড়ি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদের ভাষ্যমতে, গত বুধবার রাতে ফেনী সদর উপজেলার লস্কটহাট ও ভূঁইয়ার হাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, তিনটি ছোরা, একটি জিআই পাইপসহ ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে সাইদুল ইসলাম, দেলোয়ার, মহিউদ্দিন, অরূপ চন্দ্র, নিপু মজুমদার ও মোহাম্মদ রাজু। পরে তাদের দেওয়া তথ্যমতে গতকাল সকালে শহরের রামপুর নাসির মেমোরিয়াল কলেজের পাশের একটি ঝোপ থেকে একটি দেশি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে শহরের জেলরোড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৮০টি ইয়াবা বড়ি ও ৪০ পুরিয়া হিরোইনসহ সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেনী মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৫৮৯ পিস ভারতীয় শাড়িসহ একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়। এ সময় পিকআপের চালক ইয়াসিন ও তার সহকারীকে সঞ্জীব সাহাকে পুলিশ গ্রেপ্তার করে। পিকআপটি ভারতীয় শাড়ি নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আটককৃত শাড়ির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদের ভাষ্যমতে, গতকাল সকালে পলিটেকনিক এলাকা থেকে একটি নম্বরবিহীন মোটর সাইকেলসহ চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ জনি ও শাখাওয়াতকে আটক করা হয়। এ সময় জনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।