ফেনীতে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৩-এর বিচারক জেবুন নাহার আয়েশা গতকাল সোমবার এক রায়ে মো. আলমগীর হোসেন ওরফে বাবু (৩৪) নামের একজনকে অস্ত্র আইনে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রায় ঘোষণার সময় আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফেনীর সহকারী কৌঁসুলি (এপিপি) এনামুল করিম খোন্দকার জানান, ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে শহরের রামপুর গ্রামের নুরুল আমিন ওরফে মিন্টু মুহুরীর ছেলে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মো. আলমগীর হোসেন মহিপাল এলাকায় একটি রেস্টুরেন্টে বসে গল্প করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং তাঁর কাছ থেকে একটি পয়েন্ট ২২.১২ বোরের বিদেশি পিস্তল, আটটি পিস্তলের গুলি এবং অপর একটি পিস্তলের ম্যাগাজিনভর্তি নয়টি গুলি উদ্ধার করে।
এ ঘটনায় ফেনী মডেল থানার প্রভেশনাল উপপরিদর্শক মো. মনজুরুল আলম মোল্লা বাদী হয়ে অস্ত্র আইনের ১৯ (এ) ও (এফ) ধারায় একটি মামলা করেন।