ফেনীতে অস্ত্র মামলায় একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্র মামলায় লিটন চন্দ্র দাস (৩০) নামে এক সন্ত্রাসীকে গতকাল মঙ্গলবার ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ফেনী জেলা যুগ্ম জজ (প্রথম আদালত) ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেবুন নাহার। দণ্ড পাওয়া আসামি লিটন সোনাগাজী উপজেলার দক্ষিণ-পূর্ব চর দরবেশ গ্রামের নিকুঞ্জ চন্দ্র দাসের ছেলে। আদালত সূত্র ও সহকারী সরকারি কৌঁসুলী মো. এনামুল করিম খোন্দকার জানান, গত ২০১২ সালের ২ মে দুপুরে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের আহসান সওদাগরের মুদি দোকানের সামনে স্থানীয়ভাবে জলদস্যু হিসেবে পরিচিত লিটন চন্দ্র দাস ও তাঁর সহযোগীরা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যসহ অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার পুলিশ ওই স্থানে পৌঁছে লিটন চন্দ্র দাসকে আটক করে। এ সময় তাঁর অপর সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ লিটন চন্দ্র দাসের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান ও তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছয়টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মোতাহের হোসেন বাদী হয়ে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় এবং বিস্ফোরকদ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো.এনামুল করিম খোন্দকার।