ফেনীতে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্র মামলায় মো. আলমগীর হোসেন প্রকাশ বাবু (৩৪) নামের এক ব্যক্তিকে আজ সোমবার ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৩-এর বিচারক জেবুন নাহার আয়েশা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিরোধক আইনের ১৯(এ) ও (এফ) ধারায় আজ এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন। পরে তাঁকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ফেনীর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এনামুল করিম খোন্দকার জানান, হত্যামামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আলমগীর হোসেন ২০০৪ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে শহরের মহিপাল এলাকায় একটি রেস্টুরেন্টে বসে গল্প করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আটটি গুলি ও আরেকটি পিস্তলের ম্যাগজিনভর্তি নয়টি গুলি উদ্ধার করে।

এ ঘটনায় ফেনী মডেল থানার প্রবেশনাল উপপরিদর্শক (পিএসআই) মো. মনজুরুল আলম মোল্লা বাদী হয়ে অস্ত্র আইনের ১৯ (এ) ও (এফ) ধারায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ মামলাটির রায় ঘোষণা করা হলো।