ফেনীতে অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার, পুলিশসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল রোববার ভোরে পুলিশ অস্ত্রসহ শেখ ফরিদ ওরফে দরদী (৩০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কতিপয় সমর্থকসহ বাড়ির লোকজন পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। এতে দুই পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোনাগাজী থানা পুলিশ সূত্র জানায়, সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি ডাকবাংলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও পূর্ব মির্জাপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ ফরিদ ওরফে দরদীকে পুলিশ গতকাল রোববার ভোরে বাড়ি থেকে একটি দেশীয় তৈরি শটগান ও শটগানের দুটি কার্তুজসহ গ্রেপ্তার করেছে।
এ সময় দরদীর কতিপয় সমর্থক ও পরিবারের লোকজন পুলিশকে ঘেরাও করে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি হয় এবং উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ উল্যাহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পালের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
শেখ ফরিদের ভাগনে মো. ডালিম জানান, শেখ ফরিদ স্থানীয় মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি অভিযোগ করেন, পুলিশ তাঁর মামাকে গ্রেপ্তারের সময় ঘরের পাঁচজন মহিলাকে পিটিয়ে আহত করেছে। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগ করেন, শেখ ফরিদ একজন চিহ্নিত সন্ত্রাসী-চাঁদাবাজ জেনেও একটি প্রভাবশালী মহল তাঁকে থানা থেকে ছাড়িয়ে নিতে চেষ্টা ও তদবির করছে। তাঁর গ্রেপ্তারের সংবাদে এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল জানান, শেখ ফরিদ পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ থানায় পাঁচটি মামলা ছাড়াও অনেকগুলো অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সাক্ষী প্রদান তো দূরের কথা, ভয়ে অনেকেই মুখও খুলতে রাজি নয়। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।