ফেনীতে অস্ত্রসহ আটক আ. লীগের ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলা বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দিয়েছেন ঢাকা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

ফেনী সদর আদালতের (জিআরও) মো. আমির হোসেন আজ সন্ধ্যায় বলেন, অস্ত্র মামলায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। কাল মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হবে। ২৬ আসামির মধ্যে ১৪ জন বর্তমানে কাশিমপুর এবং ১২ জন ফেনী জেলা কারাগারে আছেন।

গত ৬ জুন সন্ধ্যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী পৌর এলাকার লালপুল নামক স্থানে তিনটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ জন নেতা-কর্মীকে অস্ত্রসহ আটক করে। সবাই সোনাগাজী থেকে মাইক্রোবাসে করে ফেনী ফিরছিলেন। এ ঘটনায় র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম খলিল বাদী হয়ে ১৯৭৮ সালের অস্ত্র আইনের সংশোধনী ২০০৪ এর ১৯ এ/এফ ধারায় ফেনী সদর মডেল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, পাঁচটি শটগান, একটি বিদেশি দোনলা বন্দুক, চারটি এলজি, ১৬টি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি চাকু, ১৩টি পিস্তলের গুলি, ১২০টি এলজির গুলি উদ্ধার করা হয়।

আসামিরা হলেন ফুলগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সদস্য সালেহ্ আহমেদ মিন্টু, ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল করিম পাটোয়ারি ওরফে রাজীব, দরবারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ওরফে বেছু, ফেনী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ওরফে শুভ। এ ছাড়া অন্য আটককৃতরা হলেন যুবলীগ ও ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলাম ওরফে রিপন, মো. সাহাদাত হোসেন, আশরাফুল ইসলাম ওরফে মাছুম, ওমর ফারুক, রবিউল ইসলাম ওরফে মানিক, সাহাদাত হোসেন, আবু তাহের, একরামুল হক ওরফে সিফাত, ইমরান হোসেন, আবদুর রহমান ওরফে রিন্টু, আরাফাত হোসেন ওরফে আসিফ, মো. নোমান, মাহবুবুর রহমান জেমী, মো. হাসান, রবিউল হক ওরফে লিটন, আবু ইউছুপ ওরফে ডলার, মাঈন উদ্দিন, সরোয়ার হোসেন, মো. ফরিদ, ফারুক হোসেন ও কফিল উদ্দিন ওরফে সোহেল।

মামলাটি রাজনৈতিক ও স্পর্শকাতর হওয়ায় ফেনী সিআইডি থেকে ঢাকা সিআইডিতে হস্তান্তর করা হয়।