ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা-কর্মীদের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ ও যুবলীগের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ এবং ট্রাইব্যুনাল-১-এর বিচারক দেওয়ান মোহাম্মদ শফি উল্যাহ এ-সংক্রান্ত আদেশ দেন। আগামী ১১ মে ওই মামলায় সাক্ষ্য নেওয়া হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র ও সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, গতকাল সকালে ওই ২৬ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত রোববার সন্ধ্যায় এ মামলায় গ্রেপ্তার ১৪ জন আসামিকে কাশিমপুর কারাগার থেকে ফেনীতে নিয়ে আসা হয়। কয়েকজন আসামি এ মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত তাঁদের আবেদন খারিজ করে দেন। এ ছাড়া আরও কয়েকজন আসামি জামিনের আবেদন জানালে আদালত সেগুলো নামঞ্জুর করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাঁদের বিচার শুরু হলো।
২০১৫ সালের ৬ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী পৌরসভার লালপুল এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ ও ছাত্রলীগের ২৬ জন নেতা-কর্মীকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা গ্রেপ্তার করেন। পরদিন ৭ জুন র্যা ব-৭ ফেনী ক্যাম্পের জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে ফেনী সদর মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (ঢাকা সিআইডি) স্থানান্তর করা হয়। ঢাকা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা গত ২৮ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।