ফেনীতে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে শহরের জেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছাইদুল হক (২১) ও উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ ওরফে রিংকু (২০)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা রোববার রাত ১১টার দিকে ফেনী শহরের ট্রাংক রোডে অবস্থিত ছাত্রলীগের জেলা কার্যালয়ের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় ওই দুজনকে আটক করেন। এ সময় সেখানে তাঁদের একটি মোটরসাইকেলে লুকিয়ে রাখা তিনটি গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করে র্যাব। তাঁদের দুজনের দেহ তল্লাশি করে দুটি ছোরাও উদ্ধার করা হয়। মোটরসাইকেলসহ আটক দুই নেতাকে রাতেই র্যাবের ফেনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
গতকাল সোমবার সকালে র্যাবের পক্ষ থেকে নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। তাঁদের অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া দুজনকে পুলিশে সোপর্দ এবং মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।