ফেনীতে অস্ত্রসহ যুবদলের ৭ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদলের সাত কর্মী। ছবি: আবু তাহের
ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদলের সাত কর্মী। ছবি: আবু তাহের

ফেনী সদর উপজেলার একটি পরিত্যক্ত বাড়ি থেকে আজ শুক্রবার ভোরে অস্ত্রসহ যুবদলের সাতজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে তিনজন যুবদল কর্মী আবুল কালাম হত্যা মামলার পলাতক আসামি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহিউদ্দিন (২৬), ওসমান গণি (২৮), হুমায়ুন কবির ওরফে মিন্টু (২৭), সফিকুল ইসলাম ওরফে সবুজ (২৪), মোহাম্মদ ইয়াছিন (২৬), নুরুল ইসলাম ওরফে জিয়া (২০) ও মো. সাখাওয়াত হোসেন (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লেমুয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই অভিযান চালানো হয়। পুলিশের কাছে খবর ছিল ফেনী সদর উপজেলার কসবা গ্রামের দলিলুর রহমানের ছেলে ও স্থানীয় যুবদলের কর্মী আবুল কালাম হত্যা মামলার পলাতক আসামিরা ওই গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন। ওই খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে বোগদাদিয়া ফাঁড়ির পুলিশ ও ফেনী মডেল থানার পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। আজ ভোর পাঁচটার দিকে অস্ত্রসহ ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পয়েন্ট ২২ বোর এলজি, একটি কাটা বন্দুক,  একটি পাইপগান, পাঁচটি কিরিচ, আটটি ককটেল ও ১০টি লাঠি উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই স্থানীয় যুবদলের কর্মী বলে নিশ্চিত করেছে স্থানীয় লোকজন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বোগদাদিয়া ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করার প্রস্তুতি চলছে।

২০১২ সালের ২১ অক্টোবর ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ও স্থানীয় কসকা কমিউনিটি সেন্টারের মালিক জাফর উল্যা দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে নিহত হন। ওই মামলার পলাতক আসামি আবুল কালামকে চলতি বছরের ২৪ মার্চ ফাজিলপুর মীরবাড়ির পাশ থেকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধরে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করে। পরে তাঁর লাশটি মাথাবিহীন অবস্থায় বস্তাবন্দী করে স্থানীয় কালিদাস পাহালিয়া নদীতে ফেলে দেয়। এ ঘটনায় আবুল কালামের মা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ফেনী থানায় একটি মামলা করেন। তখন পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক আছেন।