ফেনীতে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনীর দক্ষিণ ধলিয়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা আনোয়ার আহমেদ (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার ও তাঁর কাছে থাকা একটি পিস্তল, দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড পিস্তলের গুলি ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছেন।
আনোয়ার স্থানীয় যুবলীগের নেতা ও ধলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে র্যাব সদস্যরা জানতে পারেন, ফেনী সদর উপজেলার দক্ষিণ ধলিয়া গ্রামে কতিপয় সন্ত্রাসী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে। রাত দেড়টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রাকীবুল আমীনের নেতৃত্বে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দক্ষিণ ধলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আনোয়ারকে একটি পিস্তল, দুটি দেশীয় তৈরি শটগান, চার রাউন্ড পিস্তলের গুলি ও তিন রাউন্ড শটগানের গুলিসহ গ্রেপ্তার করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। আনোয়ারকে ফেনী থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে র্যাবের ফেনী ক্যাম্পের ডিএডি মো. জালাল উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।
র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রাকীবুল আমীন জানান, গ্রেপ্তার আনোয়ার আহমেদ একজন সন্ত্রাসী ও দীর্ঘদিন থেকে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ বিক্রির ব্যবসা করে আসছিলেন।
ফেনী মডেল থানার উপপরিদর্শক ইকবাল বাহার চৌধুরী জানান, তাঁকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।