ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্রসহ আবদুল্লাহ আল নোমান ওরফে জ্যাকি (৩০) নামের এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের শহীদ উল্লাহর ছেলে। তাঁর বিরুদ্ধে ফেনী মডেল থানায় সন্ত্রাস, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ও বিস্ফোরকদ্রব্য আইনে ১৪টি মামলা রয়েছে। তিনি ফেনী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গতকাল সোমবার ভোরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি বাসা থেকে পুলিশ আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার একটি নির্মাণাধীন ভবনের বালুর স্তূপ থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।