ফেনীতে অ্যাম্বুলেন্স খাদে, রোগী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে গত রোববার রাতে অ্যাম্বুলেন্স খাদে পড়ে আবুল কাশেম চৌধুরী (৬৫) নামের এক রোগী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার কাউতলী গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর সেতু এলাকায় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে রোগী আবুল কাশেম চৌধুরী, তাঁর দুই ছেলে ও চালক আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদ মিয়া জানান, নিহত আবুল কাশেম চৌধুরীর ছেলে একরাম হোসেন তাঁদের জানিয়েছেন, রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসা শেষে তাঁর বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আবুল কাশেমের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।