ফেনী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আট চেয়ারম্যান পদপ্রার্থী তাঁদের ঘোষিত মহাসড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী ও শর্শদি ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাশেম অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।গতকাল সোমবারের মধ্যে সদর উপজেলার দুটি ইউপি নির্বাচনের ফলাফল প্রকাশ ও স্থগিত ছয় ইউপির নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা না হলে আজ মঙ্গলবার মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ-সমর্থিত আট চেয়ারম্যান পদপ্রার্থী।গত রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়ার আগে আট চেয়ারম্যান পদপ্রার্থী ওই ঘোষণা দিয়েছিলেন। স্থগিত ছয় ইউপি হলো, ধর্মপুর, শর্শদি, পাঁচগাছিয়া, বালিগাঁও, কালীদহ ও কাজিরবাগ। এ ছাড়া মোটবী ও ফাজিলপুর ইউপির ভোট বাতিল করা হয়।গত ১৬ জুন সদর উপজেলার ছয়টি ইউপির নির্বাচন হয়। নির্বাচনের দিন বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন না হওয়ায় মোটবী ও ফাজিলপুর ইউপির ভোট বাতিল করা হয়। একই দিন সন্ধ্যায় আরেক ফ্যাক্স বার্তায় ‘অনিবার্য কারণবশত’ উল্লেখ করে সদর উপজেলায় ১৯ জুনের ছয়টি ইউপির নির্বাচনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে নির্বাচন কমিশন।