দুটি ইউপির ভোট গ্রহণ বাতিল, ছয়টির স্থগিত
ফেনীতে আ.লীগ-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ
ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গতকাল ফেনী সদর উপজেলায় ছয়টি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র দখল ও ভোটারদের বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোটকেন্দ্র দখল ও বাধা দেওয়ার প্রতিবাদে চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা গতকাল দুপুর ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সুষ্ঠু নির্বাচন না হওয়ায় নির্বাচন কমিশন দুটি ইউপির ভোট গ্রহণ বাতিল করে। একই সঙ্গে আগামী রোববার অনুষ্ঠেয় সদর উপজেলার ছয়টি ইউপির নির্বাচন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।বিএনপির সমর্থিত প্রার্থী ও ভোটারদের বিবরণ অনুযায়ী, সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতিসহ নানা অভিযোগে দুপুর ১২টার দিকে ভোট গ্রহণ স্থগিত করা হয়। একই ইউনিয়নের ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর পক্ষে জোর করে ব্যালট পেপারে ছাপ মারা, নারী ভোটারদের হাত থেকে জোর করে ব্যালট পেপার নিয়ে ছাপ মারা ও ভোটারদের কেন্দ্রে আসার পথে বাধা দেওয়ার অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল খালেক, নুরুল আফসার ও শহীদুল্লাহ। একই ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর, মধ্যম লক্ষ্মীপুর নুরানী মাদ্রাসা, মোটবী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে একই অভিযোগ পাওয়া গেছে।ফরহাদনগর ইউনিয়নের বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার রাতে আমার সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে, এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি ও ভয়ভীতি দেখায়। সকাল থেকে আমাকে বাড়িতে ঘেরাও করে রাখা হয়। পরে আমি পালিয়ে ফেনী চলে আসি। বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের জোর করে বের করে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ছাপ মারা হয়েছে।’ আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবল হক বিএনপির সমর্থিত প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন। ছনুয়া ইউনিয়নের বিএনপির সমর্থিত প্রার্থী নূরের ছফা বলেন, ‘প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বিভিন্ন কেন্দ্র দখল করে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রশাসনকে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।’এর আগে গতকাল ভোরে পুলিশের ওপর হামলার অভিযোগে ফাজিলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন, তাঁর দুই ছেলে সৈয়দ মো. সাইফুল আলম ও সরওয়ার আলমসহ ছয়জনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত ইউপি চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের পক্ষে অব্যাহত হুমকি, চাপ ও কেন্দ্র দখলের মুখে সদরের চারটি ইউনিয়নের বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা দুপুর ১২টার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।এ অবস্থায় নির্বাচন কমিশন ফাজিলপুর ও মোটবী ইউনিয়নে ভোট গ্রহণ বাতিল করে। সেখানে আবার নতুন করে ভোট নেওয়া হবে। নির্বাচন বাতিলের এই সিদ্ধান্ত প্রত্যাহার ও ভোট গণনা করে ফলাফল ঘোষণার দাবিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিকেল পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফাজিলপুর এলাকায় সড়কে ও রেলপথে গাছ ফেলে অবরোধ করেন। তিন ঘণ্টা পর পুলিশ অনেক চেষ্টা ও অবরোধকারীদের সঙ্গে আলাপ-আলোচনার পর রাত আটটার দিকে অবরোধ তুলে দেওয়া হয়। অবরোধের সময় উভয় পাশে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী রোববার অনুষ্ঠেয় সদর উপজেলার কালীদহ, কাজীরবাগ, ধর্মপুর, শর্শদি, পাঁচগাছিয়া ও বালিগাঁও ইউনিয়নের নির্বাচনও স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব সৈয়দ মো. খোরসেদ আনোয়ার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ স্থগিতাদেশ জারি করা হয়। ওই ছয়টি ইউনিয়নের নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।রায়পুরে ভোটকেন্দ্রে হামলা, সংঘর্ষরায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, গত বুধবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের দক্ষিণ গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের প্রার্থী নূরজাহান বেগম সামান্য ভোটের ব্যবধানে রহিমা বেগমকে হারিয়ে বিজয়ী হন। খবর পেয়ে রহিমার সমর্থকেরা ভোট কারচুপির অভিযোগে কেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা প্রিসাইডিং কর্মকর্তার মোটরসাইকেল ভাঙচুর করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ কাঁদানে গ্যাসের দুটি শেল ও একটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ১৫ জন আহত হয়। এদের মধ্যে বিজয়ী প্রার্থী নূরজাহান বেগমকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণনাথ বলেন, পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়নি। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।