ফেনীতে আইনজীবীকে কুপিয়ে জখম
ফেনী জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ওরফে নান্নু গত সোমবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি গতকাল মঙ্গলবার আদালত বর্জন ও বিক্ষোভ সমাবেশ করেছে।হামলার ঘটনায় গিয়াসের পক্ষে সোমবার রাতে সদর থানায় মামলা করা হয়েছে। ওই রাতেই পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে ফেনী শহরের দাউদপুর এলাকায় গিয়াসের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী লুত্ফা রহমানের কাছে আলমারির চাবি দাবি করে মুখোশ পরা তিন সশস্ত্র দুর্বৃত্ত। চাবি দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তাঁর গলা টিপে ধরে। এ সময় গিয়াস এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তদের মুখোশ খুলে যায়। এ সময় দুজনকে চিনতে পারেন বাড়ির লোকজন। তাঁরা হলেন প্রতিবেশী আক্তার হোসেন চৌধুরী ওরফে জিতু ও তাঁর ভাই জনি। গিয়াস ও তাঁর স্ত্রীর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর জখম গিয়াসকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওহাব জানান, এজাহারভুক্ত আসামি আক্তার হোসেনকে সোমবার রাতেই সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।নান্নুর ওপর হামলার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বেলা ১১টার দিকে আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফেনী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভূঞা, সাধারণ সম্পাদক সফিকুর রহমান, আক্রামুজ্জামান, মেজবাহ উদ্দিন খান, প্রিয়রঞ্জন দত্ত প্রমুখ। দলীয় নেতা নান্নুর ওপর হামলার প্রতিবাদে জেলা জাতীয় পার্টির উদ্যোগেও গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল এবং ট্রাংক রোড এলাকায় প্রতিবাদ সভা করা হয়।এ ছাড়া সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দাউদপুর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর সাউথ ইস্ট কলেজের সামনে গাছের গুঁড়ি দিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।