ফেনীতে আউশ উৎপাদন বাড়াতে প্রণোদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে ও খাদ্য উৎপাদন বাড়াতে ৩ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বীজ, সার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত কয়েক দিনে জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের এই প্রণোদনা দেওয়া হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নেরিকা জাতের ধান চাষের জন্য প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষককে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, সেচ ও আগাছা দমনে নগদ ৮০০ টাকা এবং উফশী জাতের ধান চাষের জন্য প্রতি কৃষককে পাঁচ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও সেচের জন্য নগদ ৪০০ টাকা করে দেওয়া হয়েছে।
সোনাগাজী উপজেলায় ১ হাজার ৪৭৫ জন কৃষককে আউশ চাষে প্রণোদনা দেওয়া হয়। তাঁদের মধ্যে উফশী জাতের ধান চাষের জন্য ৯৭৫ জনকে ও নেরিকা জাতের ধান চাষের জন্য ৫০০ জনকে প্রণোদনা দেওয়া হয়।
ফেনী সদর উপজেলায় প্রণোদনা দেওয়া হয় ৫৭৫ জন কৃষককে। তাঁদের মধ্যে উফশী জাতের ধান চাষের জন্য ৩৭৫ জন ও নেরিকা জাতের ধান চাষের জন্য ২০০ জন কৃষক প্রণোদনা পান।
দাগনভূঞা উপজেলায় প্রণোদনা পেয়েছেন ৫৫০ জন কৃষক। তাঁদের মধ্যে উফশী জাতের ধান চাষের জন্য ৩৫০ জন ও নেরিকা জাতের ধান চাষের জন্য ২০০ জনকে প্রণোদনা দেওয়া হয়।
ছাগলনাইয়া উপজেলায় প্রণোদনা দেওয়া হয়েছে ৩৫০ জন কৃষককে। তাঁদের মধ্যে উফশী জাতের ধান চাষের জন্য ২০০ জন ও নেরিকা জাতের ধান চাষের জন্য ১৫০ জন প্রণোদনা পান।
ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ৫০ জন করে কৃষককে উফশী জাতের ধান চাষে প্রণোদনা দেওয়া হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল হক বলেন, প্রণোদনা দেওয়ার কারণে আউশ ধানের উৎপাদন স্বাভাবিকের চেয়ে অন্তত ১০ শতাংশ বেশি হবে বলে তাঁরা আশা করছেন।