ফেনীতে আওয়ামী লীগ নেতা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে নুর হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও শহরের ব্যবসায়ী। গত বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। তাঁর বাসা শহরের বারাহিপুর অচিনতলা এলাকায়। এ ব্যাপারে ফেনী মডেল থানায় তাঁর স্ত্রী বিবি আফিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্র জানায়, ফেনী শহরের ট্রাংক রোডে ‘আঁখি এন্টারপ্রাইজ’ নামে নুর হোসেনের একটি তৈজসপত্রের দোকান রয়েছে। গত বুধবার বিকেলে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তিনি যে মসজিদে নামাজ পড়েন সেটি বাসা থেকে ৩০০ গজ দূরত্বের। কিন্তু নামাজ শেষে তিনি বাসায় ফেরেননি। আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। নুর হোসেন অচিনতলা এলাকায় নিজের বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছেন।
তাঁর নিখোঁজের সংবাদ শোনার পর গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ সভাপতি, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমানসহ পৌর আওয়ামী লীগের নেতারা বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, থানায় জিডি হলেও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ বা শত্রুতার কথাও পরিবারের কেউ বলতে পারেনি।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী থানায় জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।