ফেনীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ঘেরাও কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানিয়েছেন ওই সব ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা। আজ শনিবারের মধ্যে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা না হলে আগামীকাল (রোববার) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তাঁরা।গতকাল শুক্রবার বিকেলে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল রোববার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ফ্যাক্স বার্তার মাধ্যমে ফেনী সদর উপজেলার ধর্মপুর, শর্শদী, পাঁচগাছিয়া, বালিগাঁও, কাজিরবাগ ও কালিদহ ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সব প্রস্তুতি শেষ হওয়ার পর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিনা কারণে নির্বাচন স্থগিত করা প্রার্থীদের জন্য হয়রানি ছাড়া আর কিছু নয়। তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। নির্বাচনী ব্যয় বৃদ্ধি পাবে। অথচ কেউ নির্বাচন কমিশনের কাছে কোনো অভিযোগ করেনি।সংবাদ সম্মেলনে সমন্বয়কের ভূমিকা পালন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। এ ছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ ও সাধারণ সম্পাদক নূর হোসেন এবং নির্বাচন স্থগিত হওয়া ছয়টি ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আজাহারুল হক, মাহবুবুল হক, আবুল হাসেম, দিদারুল ইসলাম, জিয়াউল হাসান চৌধুরী ও আবদুর রৌপ উপস্থিত ছিলেন।এ ছাড়া সংবাদ সম্মেলনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সদর উপজেলার মোটবী ও ফাজিলপুর ইউনিয়নের নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন বাতিলের আদেশ প্রত্যাহার ও ভোট গণনা করে ফলাফল প্রকাশের দাবি জানান ওই দুই ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ ও মজিবুল হক।ওই দুজন প্রার্থীর দাবি, শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে ভোট গণনার আগে নির্বাচন কমিশনের এ ধরনের আদেশ নজিরবিহীন ও অযৌক্তিক।