ফেনীতে আজ গণিত উৎসব

‘গণিত শেখ, স্বপ্ন দেখ’ স্লোগানে আজ মঙ্গলবার ফেনীতে গণিত উৎসব অনুষ্ঠিত হবে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর—এই তিন জেলার শিক্ষার্থীরা উৎসবে অংশ নেবে। ফেনী সরকারি বালিকা বিদ্যালয় মাঠে উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে অংশ নেওয়ার জন্য এক হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে।
আজ সকাল সাড়ে নয়টায় উৎসবের উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বেলা দুইটা পর্যন্ত উৎসব চলবে। এতে গণিত নিয়ে পরীক্ষা ছাড়াও প্রশ্নোত্তর পর্ব এবং সাংস্কৃতিক আয়োজন থাকছে। উৎসবে বিজয়ী শিক্ষার্থীরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় জাতীয় গণিত উৎসবে অংশ নেবে।
উৎসবে অতিথি থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. নিজাম উদ্দিন, কুমিল্লা মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন, ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান মজুমদার, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক
সুব্রত নাথ।
উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো, পৃষ্ঠপোষকতায় ডাচ্-বাংলা
ব্যাংক। উৎসব আয়োজনে সহযোগিতা দেবে প্রথম আলো ফেনী বন্ধুসভা।