ফেনীতে আজ রায়
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে। সকাল ১১টায় ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিডিআরের মহাপরিচালক মো. মইনুল ইসলামের সভাপতিত্বে আদালতের কার্যক্রম শুরু হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ১৯ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়। এর আগে গত ১২ ও ৭ এপ্রিল যথাক্রমে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দুটি পৃথক আদালতে রায় ঘোষণা করা হয়। এতে ঠাকুরগাঁওয়ে ৫০ জনকে এবং পঞ্চগড়ে ২৯ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। কেবল ঠাকুরগাঁওয়ে বিদ্রোহের মামলায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল।গতকাল শনিবার সকালে ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক গাজী মো. সালাহ উদ্দিন ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত বছর ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বর্বোরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়। এর সমর্থনে ১৯ রাইফেল ব্যাটালিয়নে ২৬ ফেব্রুয়ারি সশস্ত্র বিদ্রোহ হয়। এ ঘটনায় কোম্পানির কমান্ডার সুবেদার জালাল আহমেদ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সূত্র জানায়, আজ রায় ঘোষণা উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।